পাবনার সাঁথিয়ায় গৌরিগ্রাম ইউনিয়নে আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দিনমজুর উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর আফছার সরদারের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত দেখতে পায়। এমতাবস্থায় এলাকাবাসী আফছার সরদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি নিয়ে ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে একাধিক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। তারা আরও জানান, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে লুটপাটের আশঙ্কা রয়েছে।
আফছারের মা আবেদা খাতুন জানান, আমার ছেলে সহজ সরল; সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চায়। আব্দুল করিম জানান, আফছার সুন্দর মনের মানুষ ছিল। এলাকায় কারও সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা আটক ৩
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
