৫ দিনে কৃষকের মাঠ থেকে ২৫ ট্রান্সফরমার চুরি

ট্রান্সফরমার চুরির হিড়িক

৫ দিনে কৃষকের মাঠ থেকে ২৫ ট্রান্সফরমার চুরি

ফন্ট সাইজ:

যশোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত ৫ দিনে জেলার বিভিন্ন উপজেলার মাঠ থেকে ২৫ ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে। এদিকে ট্রান্সফরমার চুরি যাওয়ায় ব্যাহত হচ্ছে ইরি ক্ষেতের সেচ কার্যক্রম। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন কৃষকরা। এদিকে অব্যাহতভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির কারণে চলতি ইরি বোরো মৌসুমে ফসলের চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকরা। এ বিষয়ে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত ট্রান্সফরমার চোরচক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি জেলা পুলিশ। উদ্ধার হয়নি চুরি যাওয়া ট্রান্সফরমার।
জানা গেছে, চলতি বছরে যশোর জেলায় ১ লাখ ৫৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে ইরি বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবছর উচ্চ ফলনের আশা করছেন কৃষি বিভাগ। পর্যাপ্ত সার ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত হওয়ায় ফসলও খুব ভালো হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশারফ হোসেন জানান। তবে তার জন্য বর্তমান সময়ে এসব ক্ষেতে নিরবচ্ছিন্ন সেচ অব্যাহত রাখতে হবে। কারণ প্রতিটি ক্ষেতের ধানে এখন থোড় বের হচ্ছে। এই মুহূর্তে সেচ সংকট হলে ধানের শীষে চিটা পড়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকে সরকার এই দিকটি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষকের ক্ষেতে সেচ সরবরাহ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আসাদুজ্জামান খান বলেন, আমি এই স্টেশনে নতুন। গতকালই ছিল আমার প্রথম কর্মদিবস। আজ দ্বিতীয়দিন। আমি যোগদানের পর এই রকম একাধিক ঘটনার খবর পেয়েছি। দ্রুত এসব সমস্যার সমাধানে কাজ শুরু করেছি। তবে ট্রান্সফরমার চুরি রোধে ট্রান্সফরমারগুলো যেসব ব্যক্তি বা সমিতির নামে ইস্যুকৃত সেই সব ব্যক্তি বা সমিতির সদস্যদের আরও সতর্ক হতে হবে। ট্রান্সফরমার চুরি রোধে সামাজিক মুভমেন্ট গড়ে তুলতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি করে তৎপরতা চালাতে হবে। চোরচক্রের সদস্যদের আটক করে আদালতে সোপর্দ করতে হবে।
এ বিষয়ে জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করা এবং চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে এই বিষয়ে করণীয় সম্পর্কে দ্রুত পদক্ষেপ নিতে জেলা পুলিশ প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমান মৌসুমে আমাদের কাছে কৃষকদের যেকোনো সমস্যা ও তার সমাধান টপ প্রায়োরিটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন