নিউইয়র্কের কুইন্সে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণী নিশাত জান্নাতের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর কুইন্সের উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে জানাজা ইমামতি করেন নিহতের বাবা হেলাল আহমেদ। এসময় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে নিউ জার্সির একটি কবরস্থানে দাফন করা হয় ।
উল্লেখ্য, রবিবার রাতে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে দুর্ঘটনা ঘটে। রাত প্রায় ১২টায় কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই মুহূর্তে পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস। নিশাত জান্নাত ছিলেন জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট।
নিহতের বাবা ইমাম হেলাল উদ্দিন মানবজমিনকে জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তারা ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
