চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। এ সময় মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেন (৩৭) নামে একজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে। জানা যায়, চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (ডিএসবি) নির্দেশনা অনুযায়ী রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে থানা পুলিশের দু’টি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে মোমেনকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হয়। পরবর্তী তার নির্দেশনা অনুযায়ী মোমেনকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে দু’টি এস্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মোমেন জিজ্ঞাসাবাদে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছে। এ ছাড়াও মোমেন জানায়, স্থানীয় বাবর আহমেদ নামের এক ব্যক্তি মাটি কাটার সঙ্গে জড়িত। পরে তার খোঁজে সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি।
সাতকানিয়ায় মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
