নারায়ণগঞ্জের স্কুলছাত্র আরাফাত হত্যা মামলায় যুবকের ফাঁসি

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্র আরাফাত রহমান হত্যা মামলায় রিপন নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালতে এ আদেশ দেয়া হয়। একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণ না হওয়ায় অপর আসামি রাব্বীকে এই মামলায় খালাসের আদেশ দিয়েছে আদালত। আদালতে রায় শুনানির সময় আসামি দু’জন অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, বন্দর উপজেলার মদনপুর ইউপি’র লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে স্কুলছাত্র আরাফাতকে গত ২০২০ সালের ১৫ই ডিসেম্বর রাত ৯টার দিকে বিজয় দিবসের একটি কনসার্টে নিয়ে যায় একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া। বড় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ওই রাতেই বাড়ির পাশে পুরাতন স্কুল ভবনে নিয়ে আরাফাতকে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলাটিপে হত্যা করে মসজিদের পুকুরে লাশ ফেলে দিয়ে রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করে। তিনদিন পর ১৮ই ডিসেম্বর আরাফাতের লাশ ভেসে ওঠে। পরে ১৯শে ডিসেম্বর এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রিপনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে একাই হত্যাকাণ্ড চালায় বলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। পরে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে পলাতক রয়েছে রিপন।
তিনি আরও জানান, স্কুলছাত্র আরাফাত হত্যা মামলায় রিপনকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। অপর আসামি রাব্বী দোষী সাব্যস্ত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। রায় শুনানির সময় আসামি পলাতক ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন