পেকুয়ায় বিষ প্রয়োগে মাছ নিধন, নিঃস্ব আতিক

ফন্ট সাইজ:

কক্সবাজারের পেকুয়ায় রাতের অন্ধকারে তিন একর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় আতিকুল ইসলামের মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষি আতিকুল ইসলাম পেকুয়া সদর মেহেরনামা বলিরপাড়া এলাকার আবু আহমদের ছেলে। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় তিন একর জায়গায় প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে গলদা চিংড়ি, বাটা, কোরালসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। তিনি জানান, গলদা চিংড়ির ওজন ইতিমধ্যে ১০০ থেকে ১২০ গ্রামে পৌঁছেছিল। কিন্তু গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা প্রজেক্টে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আনিক নামের এক ব্যক্তিকে পানিতে পাউডারের মতো কিছু মেশাতে দেখেন পাশের এক নারী। সকালে পানিতে মাছ ভাসতে দেখে ধারণা করা হয়, সেটি ছিল বিষাক্ত পদার্থ। ক্ষতিগ্রস্ত আতিকুল বলেন, ঋণ নিয়ে লাভের আশায় মাছ চাষ করেছিলাম, এখন আমি নিঃস্ব। তিনি এ ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পেকুয়া থানার ওসি খাইরুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন