চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে শহীদ মিনারের অবমাননা ও নারী শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন স্থানীয়রা। গত সোমবার সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবির স্ক্রিনশট ঘিরে বিষয়টি সামনে আসে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির জানানÑ গ্রীষ্মকালীন সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর ২টার পর বিদ্যালয় ছুটি হয়ে গেলে সব গেট তালাবদ্ধ করা হয়। তাদের ধারণা, ছুটির পর কোনো একসময় বহিরাগত কিছু যুবক অবৈধভাবে বিদ্যালয়ে প্রবেশ করে শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে তা ফেসবুকে প্রচার করে। তিনি আরও বলেন, এর আগেও বহিরাগতদের বিদ্যালয়ে ঢুকে দেয়ালে অশালীন ও আপত্তিকর লেখা লিখে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি শুধু শহীদ মিনারের অবমাননাই নয়, আমাদের ছাত্রীদের প্রতিও অসম্মানজনক আচরণ। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ গ্রহণের পর জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি ভাইরাল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
