গাজীপুরে ৩৪ হাজার লিটার অবৈধ তেল উদ্ধার ম্যানেজারের কারাদণ্ড

ফন্ট সাইজ:

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে’ অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা আছে- এমন গোপন সংবাদে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সেখান থেকে অবৈধভাবে মজুত করা ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে জ্বালানি মজুত থাকা সত্ত্বেও তারা ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান জানান, অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন