নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা প্রশাসন চারটি এলাকা থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৮টার পরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া থেকে ২৮ ব্যারেলে জমাকৃত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এসময় তেল বিক্রির লাইসেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানিফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মজুতকৃত ৯টি ব্যারেলে থাকা এক হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ উপজেলার শত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন।
নড়াইলে ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা
নড়াইল প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
