পাকুন্দিয়ায় যৌন হয়রানির অভিযোগে স্বাস্থ্য সহকারীকে অব্যাহতি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কর্ম এলাকায় দায়িত্ব পালনের সময় এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় মো. কামাল উদ্দিন নামে এক স্বাস্থ্য সহকারীকে ইপিআইসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান গত সোমবার স্বাস্থ্য সহকারী মো. কামাল উদ্দিনকে অব্যাহতির চিঠি দিয়েছেন। মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
চিঠিতে বলা হয়, কর্ম এলাকায় টিকাকালীন সময়ে জনৈক এক মহিলাকে স্বাস্থ্য সহকারী মো. কামাল উদ্দিনের যৌন হয়রানির ব্যাপারে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য সহকারী মো. কামাল উদ্দিনকে ইপিআইসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। কিশোরগঞ্জের সিভিল সার্জন ও উপজেলা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আবুল কালাম ইলিয়াছকে চিঠির অনুলিপি দেয়া হয়েছে। চিঠির বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, স্বাস্থ্য সহকারী মো. কামাল উদ্দিন উপজেলার হোসেন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া তাকে কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনটি সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ পরবর্তী যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন