জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। গতকাল সকালে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচরের মো. আমজলের ছেলে আমিনুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারকে বিয়ে করে। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরও ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। টাকা না পেয়ে ২০২২ সালের ২৪শে এপ্রিল স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। এ সময় আশপাশের লোকজন গুরুতর অবস্থায় সুজানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশও দেয়া হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন