পাকুন্দিয়ায় লাইন ভেঙে তেল বিক্রি, কন্টেইনার বোতলে বাণিজ্য

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বৈশাখী ফিলিং স্টেশনে কন্টেইনার ও বোতলে তেল বিক্রি, স্বজনপ্রীতি এবং কম তেল দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এমন অভিযোগ করেছেন অর্ধশতাধিক ভুক্তভোগী। তাদের দাবি, সকাল ৯টা থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাক্সিক্ষত তেল পাননি তারা। অথচ পাম্প কর্তৃপক্ষ পরিচিতদের সিরিয়াল ছাড়াই তেল দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বোতলে তেল বিক্রি করছেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা বিপুলসংখ্যক সাধারণ গ্রাহক বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, সকাল থেকে শুরু করে ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দুপুর ১টায় তারা ২০০ টাকার তেল পান। কিন্তু পরিমাপ করে তা কম পাওয়া যাচ্ছে। এমন অনিয়মের প্রতিবাদ করলে একপর্যায়ে পাম্পের ভেতর থেকে তেলের মিটার বন্ধ করে দেয়া হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গ্রাহকদের অভিযোগ, শুধু এই ফিলিং স্টেশন নয় কিশোরগঞ্জের আরও বিভিন্ন ফিলিং স্টেশনে একই চিত্র দেখা যাচ্ছে। তবে ভোক্তা অধিকার নিশ্চিতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নেই বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, বোতলে তেল বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে বৈশাখী ফিলিং স্টেশনের মালিক হানিফ মিয়া গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিজে উপস্থিত থেকে মনিটরিং করছি। কোনো অনিয়মের সুযোগ নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন