মুরাদনগর উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন আরাফাতকে নিজ কামারচর গ্রামের মানুষের কাছে চাঁদাবাজি, ভয়ভীতিসহ নানা অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সোমবার কুমিল্লা জেলা (উ.) আহ্বায়ক মো. আসিফ কবির ও সদস্য সচিব মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে কামারচর গ্রামের এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তার শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দা ও বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকালে উপজেলা কামাল্লা ইউনিয়ন কামারচর গ্রামে এ বিক্ষোভ মিছিল হয়। আরাফাত মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নারী কেলেঙ্কারি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে ইয়াসমিন আরাফাত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সময় কামাল্লা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামির হোসেন, কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগম, বিএনপি নেতা খলিলুর রহমান, মাহবুব আলম, নাছির উদ্দীন নয়ন, কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগমের কাছে প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে ১৭ লাখ টাকা নেয় ইয়াসমিন আরাফাত। কিন্তু এখন পর্যন্ত জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়। রিয়াজুল ইসলাম বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এলাকাবাসী আরাফাতকে হাতেনাতে আটক করে। পরে তিনি আটককারীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, আরাফাতের কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসমিন আরাফাত। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। যারা এলাকায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এসবের প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।
মুরাদনগরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
