সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের সঙ্গে থাকা দু’টি মোবাইল জব্দ করা হয়। সোমবার দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল র্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়ার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলো- একই জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) ও মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ‘নিউ মায়ের আঁচল’ হোটেলের সামনে অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে, একই থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম শেখের ভাড়াকৃত বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা ও আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিরাজগঞ্জে ১৩ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
