কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন এবং ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, নিহত কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলের স্ত্রী সুমি খাতুনের ছোট বোন প্রবাসে অবস্থান করায় তার দেশে থাকা মেয়েকে দেখভালের জন্য সাহাবুল ইসলাম পরিবারসহ মিরপুর উপজেলার মিটন গ্রামে বসবাস করতেন। ২০১৯ সালের ২০শে অক্টোবর সাহাবুল ইসলাম বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার একটি ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন