বরগুনার আমতলীতে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে ছয়জনকে কুপিয়ে আহত করার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সজীব (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২১শে মার্চ ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে। নিহতের ভাই মো. হাসান বলেন, তার বাবা আয়নালী আকনও একই গ্রামের মো. সোনা মিয়া প্যাদার সঙ্গে ধানের কুড়া ক্রয়ের ১০০ টাকা নিয়ে বিরোধ চলে আসছে। পরে ঘটনার দিন সোনা মিয়া, প্যাদা তোতা মিয়া, আতাহার প্যাদা, বশির প্যাদাসহ ৮/৯জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ঘরে ঢুকে ভাঙচুর করে আয়নালী আকন, সজীব, আল-আমিন, রুহুল আমিন ও রোকেয়া বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় আমতলী হাসপাতালে নিয়ে যায়। আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে সজীব ঢাকা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় পরদিন রাতে নিহতের ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে সোনা মিয়া ও প্যাদাকে ১ নম্বর আসামি করে ১৩ জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করেন। এ ছাড়া, অজ্ঞাত আরও ৮/৯ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। আমতলী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি ৮ জন আদেশে জামিনে ও ৪ জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আমতলীতে ধানের কুড়া ক্রয়ের টাকা নিয়ে হামলা, আহত সজীবের মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
