উখিয়া উপজেলায় জ্বালানি তেলকে ঘিরে নানামুখী অনিয়ম, পাচার ও সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে উপজেলা প্রশাসন। মিয়ানমারে জ্বালানি তেল পাচার, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে চলাচলকারী গাড়িগুলোতে অতিরিক্ত তেল সরবরাহ, পাম্পগুলোতে গোপনে বেশি দামে তেল বিক্রি এবং মজুতের অভিযোগ দীর্ঘদিনের। এর সঙ্গে যুক্ত হয়েছে হুমকি-ধমকির ঘটনাও। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, জ্বালানি তেলের অপচয় রোধ ও চোরাচালান প্রতিরোধে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনায় গত ১২ই মার্চ অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ টাস্কফোর্স গঠন করা হয়। কমিটির সদস্যরা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পে জ্বালানি তেলের মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করবেন। গঠিত টাস্কফোর্সে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট পাম্পগুলোতে গিয়ে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন এবং কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। এ ছাড়া নিয়মিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়। স্থানীয়রা জানান, তেলের সংকটকে কেন্দ্র করে অনেক পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তি এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কোথাও কোথাও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে হুমকি-ধমকির ঘটনাও ঘটছে। একইসঙ্গে অভিযোগ রয়েছে, কিছু অসাধু চক্র গোপনে তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে এবং সীমান্তবর্তী এলাকায় পাচার করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, জ্বালানি খাতে স্বচ্ছতা বজায় রাখা, চোরাচালান বন্ধ করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
উখিয়ায় তেল নিয়ে নানামুখী অনিয়ম, টাস্কফোর্স গঠন
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
