কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক কিশোর আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে রোহিঙ্গা ক্যাম্প-কেন্দ্রিক অস্ত্র ও মাদক সিন্ডিকেটের বিস্তার। সীমান্তঘেঁষা এই জনপদে মিয়ানমার থেকে অবৈধভাবে অস্ত্র ও ইয়াবা প্রবেশের অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এর বিস্তার আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার উখিয়া থানার অভিযানে পালংখালী ইউনিয়নের নতুন মুছারখোলা স্টেশন এলাকা থেকে মো. নাসির (১৭) নামে এক কিশোরকে দেশীয় তৈরি কাঠের বাঁটযুক্ত একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্র ও একাধিক গোয়েন্দা তথ্যমতে, মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে নিয়মিতভাবে ইয়াবার চালানের পাশাপাশি ছোট আগ্নেয়াস্ত্রও দেশে প্রবেশ করছে এবং এসব অস্ত্র মূলত পাচার সিন্ডিকেটের নিরাপত্তা বলয় তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ইয়াবা পরিবহনের সময় প্রতিদ্বন্দ্বী গ্রুপ বা আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা এলে সিন্ডিকেট সদস্যরা এসব অস্ত্র বহন করে এবং সুযোগ বুঝে ব্যবহারও করছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পর্যাপ্ত নজরদারির অভাব, অবাধ চলাচল এবং দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে অপরাধচক্রগুলো সেখানে সক্রিয় অবস্থান তৈরি করেছে, ফলে ক্যাম্পগুলো ক্রমেই অপরাধপ্রবণতার ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধুমাত্র বিচ্ছিন্ন অভিযান দিয়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; বরং উখিয়া-টেকনাফ সীমান্তে কঠোর নজরদারি, ক্যাম্প-ভিত্তিক গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সিন্ডিকেটের মূলহোতাদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
উখিয়ায় কিশোরের হাতে অস্ত্র
রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বাড়ছে অস্ত্র ও ইয়াবা সিন্ডিকেটের বিস্তার
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
