কুসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় নাগরিক অধিকার ফোরাম

ফন্ট সাইজ:

কুমিল্লা নগরীর সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে নানা বাস্তবভিত্তিক প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে কুমিল্লার নাগরিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ‘নাগরিক অধিকার ফোরাম’। সোমবার সকালে সংগঠনটির নেতৃবৃন্দ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে সংগঠনের নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, নাগরিক ভোগান্তি এবং সম্ভাব্য সমাধানের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতীতে যারা সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেননি। কারণ এক্ষেত্রে তারা নগরবাসীর পর্যাপ্ত সহযোগিতা পাননি। তিনি বলেন, একটি শহরকে সুন্দর রাখতে শুধু সিটি করপোরেশন নয়, নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে। মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান। পরে সংগঠনের সভাপতি ডা. প্রফেসর মো. আবদুল লতিফ স্মারকলিপির মূল বিষয়গুলো তুলে ধরেন এবং নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগের বাস্তব চিত্র কুসিক প্রশাসককে অবহিত করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাধারণ মানুষের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে নাগরিক অধিকার ফোরাম। নগরীর যানজট সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, একটি পুরনো ও গুরুত্বপূর্ণ নগরী হওয়া সত্ত্বেও কুমিল্লায় এখনো পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে রিকশা, অটোরিকশা ও ছোট যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীতে যানজট বাড়ছে। অনেক বহুতল ভবনের নির্ধারিত পার্কিং স্থান বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা ছাড়াই নতুন মার্কেট ও ভবন নির্মাণ করা হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে পরিকল্পিত গণপরিবহন চালু, যানবাহন নিবন্ধনের আওতায় আনা, নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড গড়ে তোলা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব দেয়া হয়েছে। একইসঙ্গে সড়কে তোরণ নির্মাণ বন্ধ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবিও জানানো হয়। স্মারকলিপিতে জলাবদ্ধতার সমস্যাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। টেকসই নগর উন্নয়নে নাগরিকদের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা প্রয়োজন। সভায় আরও উপস্থিত ছিলেন- নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ সফিকুর রহমান, জামিল আহমেদ খন্দকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক রাহুল তারণ পিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, অর্থ সম্পাদক অধ্যক্ষ নার্গিস আক্তার, প্রচার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, নির্বাহী সদস্য কাজী ফখরুল আলম, মীর সোহেল, সদস্য মোসা. শাহানা আক্তার প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন