কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
১১ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ঘটনার কারণ উদ্ঘাটন করা হয়। একইসঙ্গে আটটি সুপারিশ করা হয়। তদন্ত কমিটি ২০ জনের সাক্ষ্য নেয় এই ঘটনায়। প্রতিবেদনে বলা হয়, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে সেইদিন (২১শে মার্চ রাত ৩টার দিকে) চার গেটকিপার (স্থানীয়ভাবে গেটম্যান বলা হয়) হেলাল, মেহেদী হাসান, কাউসার ও নাজমুল ছিলেন না। এ ছাড়া বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুই গেটকিপার ট্রেন পাস হওয়ার সময় কোনো তথ্য দেয়নি। লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টারও দায়িত্বে অবহেলা করেছেন। ট্রেনের লোকোমাস্টার দু’জন ট্রেনের গতি না কমিয়ে লেভেল ক্রসিংয়ে ট্রেন চালান। এ ছাড়া, মামুন স্পেশাল বাসের চালক গতি না কমিয়ে রেল লাইনে উঠে পড়েন। সড়ক বিভাগের নির্মাণকাজ ও বাস চালকের দায়িত্বে অবহেলা প্রতীয়মান হয়েছে।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ছয়টি বিষয়ের ব্যত্যয় উঠে এসেছে। এজন্য বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট আটটি সুপারিশ করেছে কমিটি। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। সুপারিশগুলো হলো- গেটকিপারদের নজরদারির আওতায় আনা, গেটকিপারদের প্রতি মাসে ডোপ টেস্ট করা (ডোপ টেস্টে প্রমাণিত হলে চাকরিচ্যুত করা), রেলক্রসিংগুলোতে ওয়ার্নিং রাখা (দুই বছর ধরে বিদ্যুতের লাইন না থাকায় ওয়ার্নিং বন্ধ), সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ কাজের জন্য টিনের বেড়া দেয়ায় চালক ট্রেনকে দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটে।
এ কারণে রেলওয়ে ও সড়ক বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে। বাসটি রেলওয়ে ওভারপাস ব্যবহার না করে নিচ দিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এক্ষেত্রে বাসের গাফিলতি রয়েছে, রেলক্রসিংয়ে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, দীর্ঘমেয়াদি অটোমেটিক গেট চালু করা ও গেটকিপারদের কক্ষের পরিবেশ সুন্দর করা। তদন্ত কমিটিতে প্রধান ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পরিচালক বিআরটিএ ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।
তদন্ত প্রতিবেদন প্রকাশ
পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সেইদিন কোনো গেটকিপার ছিল না
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
