মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর জুনায়েদ মিয়া নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। গত রোববার রাত ৮টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাদেআলীসা গ্রামের কামারপাড়া এলাকায় একটি পতিত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জুনাইদ উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের দুবাই প্রবাসী মো. রমিজ মিয়ার ছোট ছেলে ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় জুনাইদ বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইলে গেম খেলছিল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে রোববার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাই জুবায়েদ মিয়া জানান, রোববার দুপুর ১২টার দিকে তার মোবাইলের ইমো অ্যাপে একটি অজ্ঞাত আইডি থেকে হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লিখা ‘আমরা যেদিন রাইত নিছি ওদিন রাইত ছাড়তে আছলাম, তোমার তরুণদের লইয়া হইহুল্লুড় করছো। এর লাগি আবার আমার সাথে লইয়া গেছিগি। আজকে রাইত ৩টার সময় মাইরা পালাইমু তোমরা থুকাইও। রমিজ আর রমিজের বউ বেশি বাড়ছে তারার টাকা হইগেছে।’ মেসেজ পড়ে মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখি। পরে থানায় গিয়ে বলার পরে পুলিশ বাড়িতে যাওয়ার জন্য বলে। পরে বাড়িতে আসার পর রাত ৮টার দিকে আরেকটি বার্তা আসে, যেখানে লেখা ছিল, ‘ওই আমরা পালাইয়া যাইরাম, পাসবায়’। মেসেজ পাওয়ার পর আমি অনেকবার ফোন দিলেও তারা ধরেনি। পরে আমরা খোঁজাখুঁজি করে কামারপাড়ায় আমার ভাইয়ের লাশ পাই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে নিহতের আত্মীয় রবিন আহমেদ বলেন, নিখোঁজের দিন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে আমরা থানায় জিডি করতে যাই। কর্তব্যরত পুলিশ আমাদের বলে একটু অপেক্ষা করে দেখতে। না পেলে জিডি করতে। পরদিন জিডি করার পরও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা যোগাযোগ করলেও রেসপন্স করেনি। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আপাতত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।
শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
