যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে। গত ১৮ই মার্চ হামলা চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় তারা। এভাবেই সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, মাছুম ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেন। পরে গত ১৮ই মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণকাজ শুরু করলে সাইফুলের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার পাইপ, দা ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে বলে জানায়। তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। এ সময় তাদের আক্রমণের মুখে মাছুম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেন তাকে ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৯শে মার্চ যশোর আদালতে সাইফুল, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ভুক্তভোগী মাছুম জানান- শ্রমিকরা বাড়ির কলমের কাজ শুরু করলে সাইফুলের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করছে সাইফুল ও তার ভাই। সেসব মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন। সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুলের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন- বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বেনাপোলে চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিলো সাইফুল বাহিনী
বেনাপোল (যশোর) প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
