নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ গত ২৬শে ফেব্রুয়ারি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর ফলে তাকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সাবেক মেয়র আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এ ছাড়া আরও পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এজাহারে আইভীর নাম না থাকলেও ঘটনার ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেয়া হলেও তা মানা হয়নি এবং জামিন পাওয়ার পরদিনই তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা হয়রানিমূলক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন