কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ মো. মেহেদী হাসান হাদি (৩৫) নামে এক চোরাকারবারি আটক হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, মহিষকুণ্ডি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হোসেনাবাদ গ্রামে রোববার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় বাংলাদেশি চোরাকারবারি মেহেদীকে ভারতীয় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। সে হোসেনাবাদ গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পরে তাকে সোমবার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। অপরদিকে, রাত ১টায় ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ডিজিটি মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
এ ছাড়াও একইদিন বিকাল পৌনে ৫টায় তেঁতুলবাড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শাহারবাটি নামক স্থানে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৪০ গ্রাম গাঁজা এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২৩ হাজার ৬২৯ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। এসব ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ যুবক আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
