কুলিয়ারচরে ফসলি জমির মাটি লুটের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

কুলিয়ারচরে ফসলি জমির মাটি লুটের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের বেলায় ফসলি জমির মাটি লুটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। এ সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৫ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এস্কেভেটর) এবং চারটি অনুমোদনবিহীন ট্রাক্টর (ইঞ্জিনচালিত গাড়ি) জব্দ করা হয়। তবে মূলহোতাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
দণ্ডপ্রাপ্তরা হলোÑ নরসিংদীর বেলাব থানার চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে সাইফুল ইসলাম আকাশ (১৯), এমদ মিয়ার ছেলে সম্রাট (১৯), গাঙকুলপাড়া গ্রামের নূরুল ইসলাম ভূঁইয়ার ছেলে জামান ভূঁইয়া (৩৫), ইকবাল হোসেনের ছেলে রিপন (২৫) এবং পারউজিলা গ্রামের আব্দুল জায়াদ আলীর ছেলে মো. কামাল হোসেন (৩৫)। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অপরজনকে ছেড়ে দেয়া হয়। কয়েক মাস ধরে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ধানের জমি ও বিভিন্ন সবজির আবাদি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিলো ইটভাটা দিপা এন্টারপ্রাইজে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। প্রশাসনের অভিযানে শ্রমিকদের আটক করা হলেও মূলহোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন