সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ পৌর শহরের মধ্যমণি আলফাত স্কয়ার (ট্রাফিক) সংলগ্ন হক সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ শহরে এর আগে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেখেননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা জানান, হক সুপার মার্কেটের একটি জুতার দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মার্কেটের আশপাশের প্রায় ১০টি দোকানের মালামালসহ দোকানঘর পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি’র সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দু’টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন