স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফন্ট সাইজ:

ফরিদপুরে স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নেয়া হয়। রাশেদ সদর উপজেলার তাম্বুলখানা এলাকার লতিফ মোল্লার ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২০ সালের ২৩শে জুলাই স্ত্রী জোসনা বেগমের কাছে তার স্বামী মাদকসেবী রাশেদ ৫০ হাজার টাকা যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্বামী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। পরে জোসনার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোসনা। এ ঘটনায় ওইদিন মৃতের ভাই জলিল কোতোয়ালি থানার মামলা করলে মামলার যাবতীয় প্রমাণাদি শেষে আদালতের বিচারক এ রায় দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন