মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সোমবার ভোরে ফের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের দিকে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু ওই ঘটনার জেরে সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। পাকদী এলাকায় অতর্কিত হামলায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত ৫ জন। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, শতাধিক ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
৩০ মার্চ (সোমবার), ২০২৬, ১ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
