সুনামগঞ্জ পৌর শহরের মধ্যমনি আলফাত স্কয়ার (ট্রাফিক) সংলগ্ন হক সুপার মার্কেটে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০টি বিভিন্ন দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরে এর আগে এত বড় আগুন তারা দেখেননি। অগ্নিকাণ্ডের সময় অনেক দোকানি ও ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
স্থানীয়রা জানান, হক সুপার মার্কেটের একটি জুতার দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মার্কেটের আশপাশের প্রায় ১০টি দোকানের মালামালসহ দোকানঘর পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনা স্থলে রয়েছে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুটি ইউনিট ও
স্থানীয়দের সহযোগিতায় একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
