বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাহারোল উপজেলার মোহাম্মদ আজিজ এবং মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহত ৬ জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিটেজ’ পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের দিকে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও বাসে থাকা আরও ১৮ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন