সীতাকুণ্ডে ব্যবসায়ীর ওপর হামলা, প্রধান আসামি আইয়ুব আলী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটের মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার ব্যবসায়ী ইছহাক উদ্দিনের ওপর পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। অবৈধভাবে মাটি কাটার বিষয়ে তথ্য দেয়ার সন্দেহে গত ১৮ই মার্চ দুপুরে বাড়বকুণ্ড তিন রাস্তার মোড় (প্রকাশ হাবিব রোড) এলাকায় তাকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় হামলাকারীরা চাপাতি, লোহার রড ও লাঠি দিয়ে তাকে গুরুতর আহত করে। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী ইছহাক উদ্দিন বাদী হয়ে আইয়ুব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। সীতাকুণ্ড থানার এসআই আহাদ আহমেদ জানান, মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন