রাজশাহীর তানোরে চটের বস্তার দাম সিন্ডিকেট করে বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন হাজারো আলুচাষি ও ব্যবসায়ী। দুই সপ্তাহের ব্যবধানে এখানে বস্তার দাম বেড়েছে দ্বিগুণের বেশি। মৌসুমের শুরুতে যে বস্তার দাম ছিল সর্বোচ্চ ৭০ টাকা, এখন সেই বস্তা খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।
কৃষকরা বলছেন, মাত্র ১৫ দিন আগেও তানোর বাজারসহ বিভিন্ন এলাকায় মাত্র ৭০ টাকায় বিক্রি হয়েছে বস্তা। আলুর দাম একটু বাড়তে শুরু করায় সেই বস্তা এখন ১৫০ টাকা থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে। আলু উৎপাদনকারী উপজেলা তানোরের মাঠে মাঠে এখন আলু উত্তোলন শুরু হয়েছে। এসব আলু হিমাগার বা দেশের বিভিন্ন এলাকার পাইকারি বাজারে (মোকাম) নিতে বস্তার প্রয়োজন। কিন্তু তানোরে মাত্র দু’সপ্তাহের ব্যবধানে নানা অজুহাতে বস্তার দাম দ্বিগুণ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক বস্তা বিক্রেতা ও ক্রেতাসহ আলু চাষিরা।
জানা গেছে, তানোরে দু’সপ্তাহ ধরে বস্তা নিয়ে সিন্ডিকেট চক্রের রমরমা বাণিজ্য। বাজার মনিটরিং না থাকায় ইচ্ছামতো দাম নেয়া শুরু করেছেন বস্তা ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের অভিযোগ, দেশের গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করতে একটি চক্র বস্তা নিয়ে সিন্ডিকেট করছে। বুধবার বস্তা কিনে বাড়িতে যাচ্ছিলেন আলফাজ আলী নামের এক কৃষক। তিনি বলেন, গত কয়েকদিন আগে বস্তার দাম ছিল ৮০ টাকা থেকে ৮৫ টাকার মধ্যে। কিন্তু হঠাৎ করে সিন্ডিকেটের মাধ্যমে বস্তার দাম বাড়িয়ে দেয়া হয়েছে। তিনি ১০০টি বস্তা পেয়েছেন ১৫০ টাকা দামে। তিনি বলেন, এখন ১৫০ টাকা থেকে ২০০ টাকা করেও নিতে হচ্ছে বস্তা। আলু ওঠার সঙ্গে সঙ্গে বস্তা সিন্ডিকেট শুরু করেছেন অসাধু ব্যবসয়াীরা। এদিকে আলুচাষি কৃষকরা বলছেন, উপজেলা ও থানা প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের তেমন কোনো বাজার মনিটরিং নাই। তাদের নিয়মিত বাজার মনিটরিং থাকলে বস্তার দাম বাড়তো না।
এমনিতে আলু চাষ করে কৃষকরা পথে বসে যাচ্ছে। উৎপাদন খরচ তুলতে পারছে না। আর বস্তার দাম বাড়িয়ে কৃষকের পকেট খালি করছে। আলুচাষি রোকন সরকার বলেন, ক’দিন আগেও বস্তার দাম ছিল ৭১ টাকা। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ১৫০ টাকা থেকে ২০০ টাকায় খোলা বাজারে বস্তা বিক্রি হচ্ছে। স্থানীয় আলু চাষিরা বলছেন, বস্তা নিয়ে ক্ষুদ্র, মাঝারি ও কিছু হিমাগার শুরু করেছেন সিন্ডিকেট। উপজেলার মাঠে মাঠে পুরোদমে আলু উত্তোলন শুরু হয়েছে। কৃষকের এই সুযোগ কাজে লাগিয়ে বস্তা নিয়েও সিন্ডিকেট করা হচ্ছে।
তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা
তানোর (রাজশাহী) প্রতিনিধি
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
