কুমিল্লা জেলার ১০২ কিলোমিটার অংশে বৈধ-অবৈধ মিলিয়ে দেড় শতাধিক লেভেল ক্রসিং রয়েছে। এসব স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত পাঁচ বছরে চার শতাধিক মানুষ দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। এসব লেভেল ক্রসিং হয়ে উঠেছে মানুষখেকো। রেল লাইনে বাজার, পাশে জনবসতি, মানুষের অসতর্ক চলাচল, পরিবহন চালকদের বেপরোয়া ড্রাইভিং ও গেটম্যানদের দায়িত্ব অবহেলায় এসব ঘটনা ঘটছে। সর্বশেষ গত ২১শে মার্চ দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার বৈধ লেভেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে মামুন স্পেশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ১৫ জন। এটি কুমিল্লা অঞ্চলের স্মরণকালের বড় দুর্ঘটনা বলে জানা গেছে। ২০১১ সালে ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশন সংলগ্ন অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে আটজন মারা যান। ২০২৪ সালের ২৬শে নভেম্বর বুড়িচং উপজেলার কালিকাপুর অবৈধ লেভেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৭ জন মারা যান। ২০২৩ সালে মনোহরগঞ্জ উপজেলার তুগুরিয়া এলাকায় অবৈধ লেভেল ক্রসিংয়ে সিএনজি-অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৫ জন মারা যান। ২০২২ সালের ৯ই মার্চ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের রেল গেইট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন স্কুলছাত্রী মারা যান। কুমিল্লার লাকসাম-নোয়াখালী রেলপথের ২২ কিলোমিটার এলাকায় বৈধ ১৪টি ও অবৈধ ১৭টি, লাকসাম-চাঁদপুর রেলপথের ১৪ কিলোমিটারে বৈধ ৪টি ও অবৈধ ১৩টি এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ৬৬ কিলোমিটারে বৈধ ৬৬টি ও অবৈধ ৭৪টি লেভেল ক্রসিং রয়েছে। গত পাঁচ বছরে রেলপথের কুমিল্লা অঞ্চলে ট্রেনে কাটা পড়ে, ট্রেনের ধাক্কায় ও যানবাহনে করে অসতর্ক অবস্থায় পারাপারের সময় সংঘর্ষে ৩৪৭ জন নিহত হয়েছেন। তবে এই হিসাবের বাইরেও অনেক মৃত্যুর ঘটনা রয়েছে। সব ঘটনা থানায় লিপিবদ্ধ হয় না বলে জানা গেছে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ, লাকসাম-নোয়াখালী এবং লাকসাম-চাঁদপুর রেলপথে বেশ কিছু অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এসব এলাকায় ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে। এখানে জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব নয়। উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. আনিসুজ্জামান ও গোলাম সারোয়ার বলেন, অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা কমাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করা হচ্ছে। এ ছাড়া গেটম্যানদের দায়িত্বে অবহেলা কমাতে তৎপরতা চালাচ্ছি।
কুমিল্লার দেড় শতাধিক লেভেল ক্রসিংয়ে ৫ বছরে শতাধিক মৃত্যু
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
