পাওনা টাকা চাওয়ায় শেরপুরে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাওয়ায় মতিউর রহমান (৬৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোববার নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- শরিফ সুঘাট গ্রামের খোদা বক্স (৫৬), রুবেল আহমেদ (২৭), শাহাদৎ হোসেন (২৮), জাফর আলী (২৫), মিল্লাহ হোসেন (২২), জাহিদ হাসান (২৯), বেলাল হোসেন (৫৫), স্বপন মিয়া (১৯), নুর আলম (৪০), মোস্তফা কামাল (৩২), জাহেদা বেগম (৩৫) ও বেলি বেগম (২৭)।
জানা যায়, গত ২২শে মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের বেলাল হোসেনের নিকট পাওনা টাকা চাইতে যান মতিউর রহমান। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। এমনকি লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে ফেলেন প্রতিপক্ষের ওইসব সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৮শে মার্চ বিকালের দিকে মারা যান তিনি। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন ঘটনান সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন