‘এক টুকরো কাগজে’ মিললো সূত্র

ত্রিশালের চাল ব্যবসায়ী হত্যা রহস্য উদ্‌ঘাটন, আটক ১

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে সংঘটিত বহুল আলোচিত চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার হত্যা মামলার রহস্য অবশেষে উন্মোচন করেছে পুলিশ। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মানিব্যাগ এবং তাতে থাকা জন্মনিবন্ধন সনদ এই সামান্য সূত্রই হয়ে ওঠে পুরো মামলার ‘টার্নিং পয়েন্ট’। দীর্ঘ তদন্ত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ মূলহোতা তাবারক আকন্দ কামাল (৫৭)-কে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত প্রায় ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কামালকে আটক করে। হত্যাকাণ্ডের সময় অসাবধানতাবশত তার মানিব্যাগ ঘটনাস্থলে পড়ে যায়। সেই মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন সনদের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা ধীরে ধীরে তার পরিচয় ও অবস্থান শনাক্ত করেন। তদন্ত সূত্রে জানা যায়, ত্রিশালের বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ গভীর রাতে কাজ করছিলেন ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবার ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে আটক কামালের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সে তার সহযোগীদের নিয়ে ঘটনাটি সংঘটিত করে। পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এই গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিনের এই হত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা করছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন