ভৈরবে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

ভৈরবে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় দেশ পটুয়ার নামের জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান। নিহত পিকআপ চালক ঢাকা যাত্রাবাড়ি থানার দনিয়ার দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে মো. মিরাজ (৪১)। ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান বলেন, উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ট্রাক কুলিয়ারচর থেকে আসা ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মিরাজ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন পিকআপের চালক মো. মিরাজকে উদ্ধার করে স্থানীয় ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনায় কবলিত পিকআপ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, এ ঘটনায় নিহত মিরাজের মা রাবিয়া আক্তার নাছিমা বাদী হয়ে হাইওয়ে থানায় ট্রাক চালককে (অজ্ঞাত) আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন