নান্দাইলে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি

নান্দাইলে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি হচ্ছে। সংকটের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর শনিবার সারাদিন পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি শুরু করেছে মেসার্স হাজী ফিলিং স্টেশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এই ফিলিং স্টেশনটিতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ১০ দিন ধরে নান্দাইল উপজেলার কানুরামপুরে চৌধুরী ফিলিং স্টেশন ও নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশন দু’টি বন্ধ থাকার ফলে উপজেলার মোটরবাইকসহ বিভিন্ন পেট্রোলচালিত যানবাহন চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছিল। জানা যায়, অবশেষে মেসার্স হাজী ফিলিং স্টেশন যমুনা ওয়েল কোং থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল সরবরাহ করে।
খবর পেয়ে ভোররাত থেকে উপজেলার সহস্রাধিক মোটরবাইক পেট্রোল ক্রয় করতে স্টেশনের সামনে হাজির হন। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক মোটরবাইককে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেয়া যাবে। এতে লাইন ধরে মোটরবাইক চালকরা তেল সংগ্রহ করছেন। এ বিষয়ে গ্রাহক সিরাজুল ইসলাম ও আরিফুল হক জানান, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে পেরেছি। আমাদের মতো সহস্রাধিক গ্রাহক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সাংবাদিক মুজিবুর রহমান ফয়সাল এবং সুলতান মাহমুদ জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে রাত সাড়ে ৩টার দিকে ৩০০ টাকার পেট্রোল নিতে পেরেছেন। নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশনের মালিক শেখ সেলিম জানান, মাত্র ১০ হাজার লিটার পেট্রোল পেয়েছি। যে কারণে ৩০০ টাকার বেশি তেল দেয়া যাচ্ছে না। অতিরিক্ত চাপ এড়াতে থানা পুলিশের সহায়তা নেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, মূলত বিশৃঙ্খলা এড়ানোর জন্য পুলিশ দেয়া হয়েছে। যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন