সাভারের ফুলবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার ভোরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার দুঁপচাচিয়া থানার চামরুল গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে ইলিয়াম তালুকদার বাপ্পি (৩৫), ঢাকা জেলার সাভার থানার আমিনবাজারের বেগুনবাড়ির টেক এলাকার হোসেন কাজীর ছেলে মো. রাজু (৩৭), একই থানার বরদেশী পূর্বপাড়া এলাকার রাজনের ছেলে আব্দুল্লাহ (২১) ও শেরপুর জেলার নকলা থানার বাউসা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৪)। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি তলোয়ার, দু’টি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় ডাকাত দলের সরদার ইলিয়ামের বিরুদ্ধে ৬টি ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সাভারে ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
