শনির আখড়ায় এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

শনির আখড়ায় এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

ঢাকা-৫ আসনের শনির আখড়া এলাকার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ ওঠেছে। বিদ্যালয়টির ৫৬ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী মো. রাসেল ও মন্টু খান বলেন, ‘হাতপাখা মার্কার পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।’

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, ‘পাঁচ জন পোলিং এজেন্ট রাখা যাবে। এর বেশি অনুমতি নেই। হাত পাখা মার্কার পক্ষ থেকে সাতজন উপস্থিত ছিলেন। তাই আইন অনুযায়ী বাড়তি দু’জনকে উপস্থিত থাকতে দেয়া হয়নি। এই আসনে হাতপাখা মার্কা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মো. ইবরাহিম। এই আসনে ১১ জন প্রার্থী থাকলেও সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতি দেখা যায়নি।’

৫২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৯২৪ জন। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোট কাস্ট হয় ২২৪টি। এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা প্রার্থীর বিষয় এখানে, নিয়মতান্ত্রিকভাবে যারা এজেন্ট দিয়েছে তারা ঠিক মতোই কাজ করছেন।’

সরজমিনে নগরীর যাত্রাবাড়ী থানাধীন শেখদি আব্দুল্লাহ মোল্লা হাই স্কুল গোবিন্দপুর প্রাইমারি স্কুল, মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো। প্রিসাইডিং অফিসাররা তাদের কক্ষে বসে সেগুলো নজরদারি করছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। এই আসনে অবস্থিত ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড। এই আসনে মোট ভোটার ৪১৯৯৯৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২১৪৫ ৯৪ জন, আর নারী ভোটার ২০৫৩৯৭ জন।

এই আসনে মোট প্রার্থী ১১ জন। তাদের মধ্যে বিএনপি’র প্রার্থী নবী উল্লা, জামায়াতে ইসলামীর মো. কামাল হোসেন ও ইসলামী আন্দোলনের মো. ইবরাহিম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন