রাজার দীঘির ভাঙনের কবলে পড়ে বিলীন হতে চলেছে প্রাচীন কবরস্থান

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় রাজার দীঘির ভাঙনের কবলে পড়ে প্রাচীন কবরস্থান বিলুপ্তির মুখে পড়েছে। দীঘির উত্তর ও পশ্চিমপাড়সহ চারপাশকে স্থানীয় কয়েক গ্রামবাসী কবরস্থান হিসেবে ব্যবহার করেন। কিন্তু ভাঙনের কবলে পড়ে মারাত্মক ঝুঁকিতে ওই কবরস্থানটি। সম্প্রতি ভুক্তভোগী এলাকাবাসী এ নিয়ে মানববন্ধন করেন এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। শত বছর থেকে রাজার দীঘির পাড়ের লালপুর, মনরাজ, রাউৎগাঁও ও দেউগাঁও এলাকার বাসিন্দারা এটিকে কবরস্থান হিসেবে ব্যবহার করেন। ইতিমধ্যে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু। এছাড়াও তাৎক্ষণিক ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। স্থানীয় বাসিন্দা সৈয়দ ইকবাল সালাম, জামাল আহমদসহ অনেকে জানান, দীঘির তীরঘেঁষা হওয়ায় প্রতিবছর কিছু কিছু অংশ ভেঙে পড়ে দীঘির পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এতে কবরস্থানটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আমরা এলাকাবাসী অতীতেও রক্ষণাবেক্ষণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত দীঘির চারপাশে গাইডওয়াল নির্মাণ করে কবরস্থানের ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দীঘিটি সরকারি তত্ত্বাবধানে রেখে লিজ না দেয়ার আহ্বান জানান। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আনিসুল বলেন, সরজমিন দেখে এসেছি। বাস্তবে যা দেখেছি তা ঊর্ধ্বতন দপ্তরে অবগত করেছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন