লামিয়া হত্যা

কলাপাড়ায় টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

পটুযাখালীর কলাপাড়ার ছোট বালিয়াতলী গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী লামিয়াকে ধর্ষণের পর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেয়ার অভিযোগ করেছেন কিশোরীর মা হালিমা বেগম। অভিযুক্তদের মামলার চার্জশিট থেকে বাদ দেয়ার প্রতিবাদে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কিশোরীর মা হালিমা বেগম। শনিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ৩০শে জুন সন্ধ্যা ৭টার দিকে রোগী দেখতে ঘরের বাইরে বের হন। প্রায় দুই ঘণ্টা পরে বাসায় ফেরার পথে তার বাড়ির সড়ক থেকে তাইফুর ইসলাম সোহেল, সুজন ও হাসানকে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান। দ্রুত তিনি বাড়ি ফিরে তার মেয়ে লামিয়াকে গাছের সঙ্গে গলার ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে। মামলার সুরতহাল রিপোর্টে তার বুকসহ বিভিন্ন স্থানে কামড়, গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও গোপন স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিলো। এ ঘটনায় গত বছরের ২৬শে সেপ্টেম্বর ময়নাতদন্ত রিপোর্টে তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার অভিযোগ, এ ঘটনায় ২০২৫ সালের ৩রা আগস্ট পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জয়নাল মৃধাকে প্রধান আসামি করে মামলা দায়ের করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামিকে বাদ দেন। তিনি অভিযোগ করে বলেন, ১০ লাখ টাকার বিনিময়ে তিন আসামিকে বাদ দেয়া হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় মামলা থেকে নাম বাদ দেয়া হয়েছে। তবে তিনি টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন