দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার এবং দু’জনকে আটক করে করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশ-৪২ ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দেউরিপাড়ায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ৩০ দশমিক ৬০০ কেজি ওজনের কষ্টিপাথরের দুইটি উমামহেশ্বর ও বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দেউরিপাড়ার পরেশ চন্দ্র রায় (৬০)। এ ছাড়া তাদের দেয়া স্বীকারোক্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৪ দশমিক ৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। এসব প্রত্নবস্তুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা। এ ব্যাপারে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মূর্তি উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চিরিরবন্দরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
