সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করতে গিয়ে কাজে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উপস্থিত সকলের সামনে বলেন, আমি হাওরের সন্তান। হাওর আমার চেনা। হাওর রক্ষা বাঁধে দুর্নীতি হচ্ছে। পিআইসি টাকা দিয়ে বিক্রি হয়। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-প্রকৌশলী মনির হোসেনকে উদ্দেশ্য করে বলেন, আপনি টাকা নেন কি না? আমি তাহিরপুর উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি জানি, ফসল রক্ষা বাঁধের চেক ইউএনও ছাড় দেন। কিন্তু আপনারা টাকার পরিমাণ লিখে দেন। অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতের জন্য ঠিক হয়ে যান। নতুবা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তিনি বলেন, এ উপজেলায় অনেকে টাকা দিয়ে আসতেন এখন টাকা দিয়ে আবার বদলি হয়ে যেতে হবে। দুর্নীতি আমি এ উপজেলায় করতে দিবো না, এর বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নিবো। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতি রুখে দিতে আমি বদ্ধপরিকর। উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ক্ষোভ ঝাড়লেন সংসদ সদস্য কামরুল
সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
