দেবিদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

দেবিদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

ফন্ট সাইজ:

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর ১টার দিকে জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সিএনজি চালক মো. ইসমাইল (২৬) গুরুতর আহত হয়েছেন। নিহত বৃদ্ধ দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত সিএনজি’র একজন যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ‘নিউ সুগন্ধা’ পরিবহনের একটি বাস কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা ময়নামতিগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত ইসমাইল জানান, তিনি কোম্পানীগঞ্জ থেকে তিনজন যাত্রী নিয়ে ময়নামতির উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি বাসের সঙ্গে সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসচালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন