মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৭ বস্তা মৃত পরিযায়ী পাখিসহ শিকারে ব্যবহৃত ৩টি শটগান, একটি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা প্রসাশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে পাখি ও অস্ত্রগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ.স.ম. হাদিউল ইসলাম ভূঁইয়া (৮১), আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজী ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) এবং আরিক আহমেদ (২৭) নামে ছয় ব্যক্তি বৃহস্পতিবার ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকার করে গজারিয়া আসেন। বৃহস্পতিবার তারা ট্রলারে করে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বন্দুক দিয়ে গুলি করে ৭ বস্তায় প্রায় ৪ মণ পরিযায়ী পাখি শিকার করে। বৃহস্পতিবার রাতে পাখি শিকার শেষে তারা এক সঙ্গে ফিরছিলেন।
জানা যায়, অভিযুক্তরা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে প্রাইভেটকারযোগে এসে ট্রলারের মাধ্যমে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পাখি শিকার করে। অভিযান শেষে ফেরার সময় তাদের কাছ থেকে প্রায় ৪ মণ পরিমাণ পরিযায়ী পাখি উদ্ধার করা হয়, যা ৭টি বস্তায় সংরক্ষিত ছিল। এ সময় ঘটনাস্থল থেকে পাখি শিকারে ব্যবহৃত ৩টি শটগান, ১টি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। মাথাভাঙ্গা এলাকায় আসলে স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদিনেই কয়েক হাজার পরিযায়ী পাখি শিকার করা হয়েছে। এর আগে কতো হয়েছে জানা নেই। এভাবে পাখি নিধন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় ওই ৬ জন তাদের অপরাধ স্বীকার করেন। তাদের বয়স বিবেচনা করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে এক লাখ এবং অন্য ৫ জনকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে পাখি শিকারে ব্যবহৃত ৩টি শটগান, একটি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
গজারিয়ায় ৭ বস্তা মৃত পাখি, বন্দুক ও গুলি উদ্ধার, ৬ জনকে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
