আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও তাদের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
লখারমাটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মৃধা জানান, তাদের নিজস্ব জমির চেয়ে বেশি জায়গা ভোগদখলের চেষ্টা চালাচ্ছে একই গ্রামের ফরিদ হোসেন, সোহরাব মৃধা ও ফারুক মৃধা। এ বিরোধকে কেন্দ্র করে তারা জোরপূর্বক পরিবারের একমাত্র চলাচলের রাস্তায় ভারী খুঁটি পুঁতে বেড়া দিয়ে পথ বন্ধ করার চেষ্টা করে। এ সময় পরিবারের কোনো পুরুষ সদস্য বাড়িতে না থাকায় নারীরা বাধা দিতে এগিয়ে গেলে তাদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বীর মুক্তিযোদ্ধার দুই পুত্রবধূ মিজান মৃধার স্ত্রী দিলরুবা ইয়াসমিন এবং আমিনুল ইসলাম মৃধার স্ত্রী হালিমা বেগম অভিযোগ করে বলেন, আমরা বাধা দিতে গেলে আমাদের গায়ে হাত তোলা হয়। এমন দুঃসাহসিক ঘটনায় আমরা আতঙ্কিত।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন