নাসিরনগর উপজেলা বিএনপিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪শে মার্চ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে উপজেলা বিএনপি’র বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এসব তথ্য প্রচার করেছে। তিনি আরও বলেন, ‘নাসিরনগরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ২ জন নিহত’Ñ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ঘটনাটি বিএনপি’র অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব নয়। বশির উদ্দিন তুহিন জানান, ২০২৪ সালের ২১শে সেপ্টেম্বর একটি জাতীয় পত্রিকায় মানবপাচার-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন করে। পরবর্তীতে ২০২৫ সালের ২০শে মে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয় এবং ২০২৬ সালের ৫ই মার্চ এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, এরই জের ধরে গত ১৭ই মার্চ দালাল চক্রের হাতিয়ে নেয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দালাল ফরহাদ মিয়ার কাকা আবুল কাশেম এবং যুবলীগ নেতা রহিম মিয়া ওরফে রহিম তালুকদারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যা ২৪শে মার্চ সংঘর্ষে রূপ নেয় এবং এতে ৩ জন নিহত হন। ওই ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি বা গোয়ালনগর ইউনিয়ন বিএনপি’র কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাহমুদ, শ্রমিক দলের সভাপতি এমরান মিয়া, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ আবু সারোয়ার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নাসিরনগরে বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
