চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, নিহত ১

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, নিহত ১

ফন্ট সাইজ:

বাগেরহাটের চিতলমারীতে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন। এ সময় প্রতিপক্ষের দেয়া আগুনে ২০-২৫টি বাড়ি-ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুরনো বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরচিংগুড়ি গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও মনজুর শেখ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দু’পক্ষের সংঘর্ষে ও পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ২০-২৫ জন আহত হন। এ সময় মনজুর শেখ গ্রুপের রাজীব শেখ (২৫) নামে এক যুবক নিহত হন। এছাড়া আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ সময় মনজুরের বাড়িসহ ২০-২৫টি ঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের একাধিক টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেয়। শুক্রবার সরজমিন ঘুরে জানা গেছে, মনজুর শেখ, ইদ্রিস শেখ, মোহর শেখ, সাইফুল শেখ, লিয়াকাত শেখসহ প্রায় ২৫টি ঘর প্রতিপক্ষের দেয়া আগুনে ভস্মীভূত হয়েছে। এ ব্যাপারে সাঈদ বিশ্বাস গ্রুপের মৃত মিতুল বিশ্বাসের স্ত্রী রেশমা বেগম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার মেয়ের বিয়ের আয়োজন করেন। এ সময় মনজুর শেখের লোকজনকে বিয়েতে দাওয়াত না দেয়ায় তাদের বাড়িতে এসে হামলা চালায়। বিয়ের বরসহ তাদের বাড়ির লোকজনের ওপর আক্রমণ চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মনজুরের ছোট ভাই সাইফুল শেখ জানান, বিশ্বাসদের সাথে তাদের পুরনো বিরোধ রয়েছে। ২০১২ সালে তার ভাই আলম শেখকে বিশ্বাসরা নির্মমভাবে হত্যা করে। এছাড়া নানা বিষয়ে তাদের বিরোধ রয়েছে। এ সব পুরনো বিরোধকে কেন্দ্র করে তাদের প্রায় ২০-২৫টি ঘরে অগ্নিসংযোগ করে এবং একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চিতলমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ এসএম আব্দুল অদুদ জানান, খবর পেয়ে চিতলমারী ও মোল্লারহাটের ৪টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ২০ থেকে ২৫টি বাড়িতে আগুন দেয়া হয়। চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিহত একজনের লাশ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন