আশুলিয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে বহিষ্কার, তদন্তের দাবি নেতাকর্মীদের

আশুলিয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে বহিষ্কার, তদন্তের দাবি নেতাকর্মীদের

ফন্ট সাইজ:

শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা বিএনপি’র দপ্তর সম্পাদক রাজীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শৃঙ্খলাভঙ্গ, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কিত ঘটনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে একটি অডিওকল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইলিয়াস ও সেলিনা খানম নামে এক নারীর কথোপকথন ভাইরাল হয়। বিভিন্ন ফেসবুক পেজে এটি প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, ইলিয়াস দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় এবং আওয়ামী লীগ সরকারের সময় মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দলের জন্য কাজ করে গেছেন। তাকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় নেতাকর্মীদের মতে, দলের প্রয়োজনে তিনি সবসময় সক্রিয় ছিলেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি জানান তারা। এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপি’র দপ্তর সম্পাদক রাজীব খান বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে বহিষ্কৃত বিএনপি নেতা ইলিয়াস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিওকল রেকর্ডটি আংশিক ও কাটছাঁট করা। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন ফেসবুক পেজ থেকে এটি প্রচার করা হয়েছে, যেখানে শুধু আমার উত্তপ্ত বক্তব্য ছড়ানো হয়েছে। সম্পূর্ণ আন-কাট রেকর্ডটি শুনলে প্রকৃত ঘটনা স্পষ্ট হতো; বরং আওয়ামী লীগ নেত্রী সেলিনা খানমই আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর হুমকি দিয়েছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন