দিনাজপুরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল

দিনাজপুরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল

ফন্ট সাইজ:

দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে ডিজেল পৌঁছে বলে জানিয়েছে পার্বতীপুর ডিপো সূত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে এ ৫ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। এ ছাড়া, আগামী সপ্তাহে আরও ৫ হাজার টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে। শুক্রবার ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে। দিনাজপুরসহ উত্তরের ৮ জেলা কৃষিনির্ভর হওয়ায় সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের উদ্দেশ্যেই এ ডিজেল আমদানি করা হয়। এ ছাড়াও ডিজেল নির্ভর যানবাহনের জ্বালানি সরবরাহ করে চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালের ২২শে অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চলতি বছর পর্যন্ত এক লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে। আর ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। উল্লেখ্য, এর আগেও গত ১১ই মার্চ এসেছে ৫ হাজার টন ডিজেল। আগামী চার মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বিপিসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন